নারায়ণগঞ্জের বন্দরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাই-বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) আরসিআইপি প্রকল্পের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
উপজেলা প্রকৌশলী এসএম সামিন ইশরাকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের অ্যানালিস্ট ধরনী চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মাহমুদ, কলাগাছিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামান মিয়া ও মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলমসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, জনকল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রামীণ জনপদের টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যসহ স্থানীয় নাগরিকরা অংশ নেন। এ সময় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
বিশেষ করে ফরাজিকান্দা-কলাগাছিয়া-সাবদি এবং গোকুল দাশের বাগ-জাঙাল-হালুয়াপাড়া সড়কসহ বেশ কয়েকটি গ্রামীণ সড়ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সড়কগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে সময়োপযোগী ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।
ভিডিও স্টোরি
ফটো স্টোরি