নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর
থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের
ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির মহানগর আমীর মাওলানা
আবদুল জব্বার বলেন,
প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে একজন সামাজিক ও রাজনৈতিক সংগঠককে
হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি
নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তিনি বলেন,
অপরাধী চক্র, কিশোর গ্যাং ও
সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এ ধরনের হত্যাকাণ্ড আরও
বাড়তে পারে। তাই বুলবুল হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে
গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে কোনো ধরনের মদদ বা পরিকল্পনা
থাকলে সেটিও তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে।
জামায়াতের এই নেতা বলেন, শুধু কয়েকজন আসামিকে গ্রেপ্তার
করলেই দায়িত্ব শেষ হবে না। হত্যার নেপথ্যের কারণ এবং জড়িতদের সম্পূর্ণ নেটওয়ার্ক
তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন, প্রশাসন
দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে। এ
অবস্থায় বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সর্বোচ্চ
গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন।
এ সময় তিনি নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
দ্যা প্রেস নেওস/এফজে
মন্তব্য করুন