নারায়ণগঞ্জের অন্যতম ব্যস্ত শিল্প ও বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জে দিনমজুর, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ভালো সেন্ট্রাল। প্রতিষ্ঠানটির উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে নগরীর নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ভালো সেন্ট্রালের কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিতাইগঞ্জ ও আশপাশের এলাকায় কাজ করা নিম্নআয়ের মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রালের প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খোরশেদ, ভালো সেন্ট্রাল বাংলাদেশ শাখার পরিচালক তাজুল ইসলাম রাজীব প্রমুখ।
দুপুরের ব্যস্ত সময়ে খাবার নিতে আসা মানুষের ভিড়ে কর্মসূচিস্থলে এক মানবিক পরিবেশের সৃষ্টি হয়। কেউ দীর্ঘক্ষণ কাজের ফাঁকে, কেউ আবার খাবারের আশায় এসে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে খাবার গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রেখে সবার হাতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিতাইগঞ্জে প্রতিদিন বিভিন্ন জেলা ও এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে আসেন। তাদের অনেকেরই দিন শেষে খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় বিনামূল্যে রান্না করা খাবার বিতরণের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু আর্থিক সহায়তা নয়, অসহায় মানুষের প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং খাবারের মতো মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসে, তাহলে নগরীর সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মানবিক এমন উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছেন স্থানীয়রা।