দেশে ডেঙ্গুর পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে
এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত
হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন, যা চলতি
বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। অক্টোবরের প্রথম ছয় দিনে মৃত্যু হয়েছে আরও ৪২
জনের।
এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন
ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু
আক্রান্তের মৃত্যু হয়।
বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত
২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬০ জন ভর্তি হয়েছেন।
নতুন রোগী যুক্ত হওয়ায় চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
৯২ হাজার ২১৬ জনে।
একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৫২ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ১৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু
রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৩০ জন।
এরপর খুলনা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন এবং বরিশাল বিভাগে ২০০ জন হাসপাতালে
ভর্তি হয়েছেন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন এবং রংপুর বিভাগে
৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং
আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে
ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন