জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর
করবেন প্রধানমন্ত্রী। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয়
বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন
বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর
সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। সফরকে ঘিরে এরই মধ্যে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে প্রস্তুতি
ও আলোচনা চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর টোকিও
সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রপ্তানি, বিনিয়োগ ও বাণিজ্যসহ বিভিন্ন দ্বিপক্ষীয়
বিষয় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের
বিষয়ে আলোচনা হতে পারে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে
কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত
একটি সমঝোতা স্মারকের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
উভয় পক্ষের সম্মতি পাওয়া গেলে প্রধানমন্ত্রীর টোকিও সফরের সময় ওই সমঝোতা
স্মারকটি সই হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর জাপান সফরের মধ্য দিয়ে দুই
দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ,
জ্বালানি ও জনশক্তি খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন