রোববার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে আমলাপাড়ার আসনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। মেয়েকে ব্র্যাক ইউনিভার্সিটির বাসে তুলে দিতে গিয়ে এ পরিস্থিতির মুখে পড়েন বলে নিজের ফেসবুক পোস্টে জানান দিপু।
তাঁর বর্ণনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে তিনজন এসে তাঁদের পথ আটকায়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে মেয়ের মোবাইল ফোন ও কানের দুল এবং তাঁর পকেটে থাকা প্রায় ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। সে সময় নিজের ফোন সঙ্গে না থাকায় সেটি খোয়া যায়নি।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে দিপু বলেন, “একটা মোটরসাইকেলে তিনজন ছিল। ওরা আমার মেয়ের মোবাইল, কানের দুল ও আমার কাছে থাকা ১৭-১৮শʼ টাকা ছিনিয়ে নেয়। একজনের হাতে একটা বড় ছোরা দেখেছি, আরেকজনের কাছে সম্ভবত পিস্তল ছিল।”
আকস্মিক এ ঘটনায় পরিস্থিতি সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা ছিল না বলেও জানান তিনি। ফেসবুকে দেওয়া বক্তব্যে দিপু লেখেন, “ঘটনার সময়ে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি, যার জন্য যা ছিল তা দিয়ে বাঁচার চিন্তা করেছি। ভালো করে খেয়াল করার মতো পরিস্থিতি তখন ছিল না। বিশেষ করে আমার সঙ্গে মেয়ে থাকায় আমি খুব চিন্তিত হয়ে পড়েছি।”
এদিকে ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, “ঘটনাটি সকালে মুখে শোনার পর থেকেই আমি আমার ফোর্স নিয়ে কাজ করছি। পাশাপাশি ডিবি ও এসআরবিও এ বিষয়ে কাজ করছে।”
ওসি আরও জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন