ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে বক্তাবলীর মানুষের ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, এ
অঞ্চলের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে
বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছেন। সেই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আগামী দিনে দলীয়
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ফতুল্লার বক্তাবলী ইটভাটা
মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব
কথা বলেন মামুন মাহমুদ।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে
তিনি বলেন, বক্তাবলীর কৃষক ও সাধারণ মানুষ তখন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এর জেরে
পাকিস্তানি বাহিনী গ্রামে ঢুকে হত্যাকাণ্ড চালায়। কয়েক ঘণ্টার মধ্যে ১৩৯ জন
মানুষকে হত্যা করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
মামুন মাহমুদ বলেন, স্বাধীনতার
পর অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনেও বক্তাবলীর মানুষ বিএনপির পাশে থেকেছে। এ এলাকার
মানুষের রাজনৈতিক অবস্থানের পেছনে দীর্ঘদিনের গণতান্ত্রিক চেতনা কাজ করেছে বলে
তিনি মন্তব্য করেন।
সভায় আওয়ামী লীগের
নেতাকর্মীদের প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। তার ভাষ্য, বিএনপি
রক্তপাতের রাজনীতিতে ফিরতে চায় না। ৫ আগস্টের পর প্রতিহিংসামূলক রাজনীতির পথ না
নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের
উদ্দেশে মামুন মাহমুদ বলেন,
অতীতে মানুষের অর্থ বিদেশে পাচার এবং আন্দোলনে প্রাণহানির
অভিযোগের বিষয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে ভবিষ্যতে ধ্বংসাত্মক
রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সবাই
শান্তিপূর্ণভাবে বসবাস করুক—এটাই তারা চান। তবে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি
বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন।
আওয়ামী লীগের কর্মীদের কারও
রাজনৈতিক হাতিয়ার না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের ব্যবহার করে কেউ ভুল
বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করাতে চাইলে তাতে জড়ানো উচিত নয়। সুস্থ ধারার রাজনীতিতে
ফিরে আসার আহ্বানও জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে
মামুন মাহমুদ বলেন,
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে স্বপ্নের
কথা বলা হচ্ছে, তা বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ
করবেন।
আলোচনার একপর্যায়ে ইটভাটা
মালিকদের বিভিন্ন সমস্যা ও ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতার বিষয়েও কথা বলেন তিনি।
মালিকদের নিজেদের সুবিধা-অসুবিধা তুলে ধরার আহ্বান জানিয়ে মামুন মাহমুদ বলেন, স্থানীয়
নেতৃবৃন্দ সমস্যাগুলো সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে তুলে ধরবেন।
পরিবেশের বিষয়টিও আলোচনায়
গুরুত্ব পায়। ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলে
আশা প্রকাশ করেন তিনি।
জেলা ইটভাটা মালিক সমিতির নেতা মো. ছলিম উল্লাহর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম
টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক
সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম
বাবুলসহ অন্যরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন