তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বাসভাড়া বৃদ্ধি এবং ফুটপাত দখলের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিসের মহানগর ও জেলা শাখা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় শহরের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের
সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয়
সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ। তিনি বলেন, লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ। বিদ্যুৎ
ঠিকমতো পাওয়া যায় না, অথচ গ্রাহকদের কাছে ভুতুড়ে বিল পাঠানো হচ্ছে। একইভাবে গ্যাস সংকটেও
নগরবাসী চরম দুর্ভোগে রয়েছে।
ফুটপাত দখলের সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি হকারমুক্ত নগরীর ঘোষণা
দেওয়া হলেও তা বাস্তবে কার্যকর হয়নি। বরং কয়েক দিনের ব্যবধানে আবারও ফুটপাত ও সড়কের
অংশ দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ শাব্বীর আহমাদ বলেন,
সাম্প্রতিক সময়ে খুন, অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায়
ভুগছে এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয়
পণ্যের দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে।
মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান
তিনি।
বক্তব্যে তিনি বিএনপিকেও সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ
হলে এবং মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগের সমাধান না হলে প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেও গণতান্ত্রিক
আন্দোলন গড়ে তোলা হবে।
ইসলামী যুব মজলিস মহানগরের সভাপতি ডা. মোতাহার হুসাইনের সভাপতিত্বে
মানববন্ধনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা
সভাপতি রিফাত আহমদ সাজিদ, জেলা সহসভাপতি আহমদ যোবায়ের তানভীর, মহানগর সাধারণ সম্পাদক
সামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদারসহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন