ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার
প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঠপর্যায়ের
কার্যক্রমে অংশ নিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে জেলার সব উপজেলা
ও ইউনিয়নে একযোগে পরিচালিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (২৬ সেপ্টেম্বর)
আড়াইহাজার উপজেলায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির বিভিন্ন
আয়োজনে অংশ নেন জেলা প্রশাসক। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে
করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
দিনের শুরুতে উপজেলা
পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর বিষয়ে
মতবিনিময় করেন রায়হান কবির। পরে একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নিয়ে স্থানীয়দের
সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় বাড়িঘর, সড়ক,
ড্রেন ও আশপাশের এলাকায় পানি জমে এডিস মশার বংশবিস্তার যাতে না
ঘটে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মশার
প্রজননস্থল চিহ্নিত করে তা দ্রুত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে
বৃক্ষরোপণ এবং অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা
গেছে, একই দিন নারায়ণগঞ্জের সব উপজেলা ও ইউনিয়নে সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ
ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু
প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার
পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত
উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন