নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে ডাকাতির অভিযোগ উঠেছে। পাঁচজনের একটি দল বাসে উঠে চালক ও যাত্রীদের দেশি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ২৫ জনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড়
বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী সিফাত পরিবহনের একটি
বাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
যাত্রীদের ভাষ্য, রাত ১০টার দিকে জামালপুর থেকে ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪
নম্বরের সিফাত পরিবহনের বাসটি প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে
রওনা হয়। পথে সাইনবোর্ড এলাকায় কয়েকজন যাত্রী নেমে যাওয়ার পর বাসে প্রায় ২৫ জন যাত্রী
ছিলেন।
রাত ৩টার দিকে বাসটি ভুইগড় এলাকায় পৌঁছালে যাত্রী নামানোর সময় কয়েকজন
ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে জোর করে বাসে ওঠেন বলে অভিযোগ করেন যাত্রীরা। পরে তারা
চালকের বুকে ছুরি ঠেকিয়ে বাসের যাত্রীদের ভয়ভীতি দেখান।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা একে একে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল
ফোন নিয়ে নেয়। লুটপাট শেষে তারা বাস থেকে নেমে পালিয়ে যায়।
ঘটনার পর বাসটি নারায়ণগঞ্জ কোর্ট এলাকার কাউন্টারে পৌঁছালে যাত্রীরা
বিষয়টি কাউন্টার কর্তৃপক্ষকে জানান। সিফাত পরিবহনের কোর্ট এলাকার টিকিট কাউন্টারকর্মী
বিপ্লব বলেন, রাত সাড়ে ৩টার দিকে বাসটি কাউন্টারে আসার পর যাত্রীরা তাদের টাকা ও মোবাইল
ফোন লুট হওয়ার কথা জানান।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বলেন, বাসটি যেখানে থামানো হয়েছিল,
তার আশপাশেই পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। তবে ঘটনার পর বাসচালক ও যাত্রীরা পুলিশকে
বিষয়টি জানান।
তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে জানা গেছে, দেশি ধারালো অস্ত্রের ভয়
দেখিয়ে তাদের টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত
ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যাত্রীদের বর্ণনা অনুযায়ী দুর্বৃত্তদের
মধ্যে দুজন বাসের ভেতরে উঠেছিল এবং একজন নিচে অবস্থান করেছিল। তবে যাত্রীদের আতঙ্কের
কারণে ঘটনার সময় বিস্তারিতভাবে প্রতিরোধ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন