নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন।
মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম
আজাদ। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী আওলাদ হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত
প্রতিবেদন নিয়ে শুনানি এবং সাবেক মেয়র আইভীর পুনরায় জামিনের আবেদনের জন্য মঙ্গলবার
দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিনের আবেদন করা হলে বিচারক
তা মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর
দায়ের করা হত্যা মামলাটিতে (মামলা নম্বর-১৯) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১
নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম
ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম
বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা
আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০
জনকে আসামি করা হয়েছে।
এদিকে, আদালতের শুনানি শেষে প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময়
‘জয় বাংলা’ স্লোগান দেন সাবেক মেয়র আইভী। এরপর তিনি গাড়িতে উঠে আদালত এলাকা ত্যাগ করেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন