নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুয়া র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের লোগোযুক্ত চারটি কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি ভুয়া পরিচয়পত্র, ৯০টি প্লাস্টিক টাইস এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটে সোনারগাঁ থানার মেঘনা টোলপ্লাজার
পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে চেকপোস্ট পরিচালনার সময় তাদের
গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঝালকাঠির নলছিটির বাসিন্দা মো. সোহেল (৩৫) ও গাজীপুরের
জয়দেবপুরের বাসিন্দা মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। বর্তমানে তারা ঢাকার যাত্রাবাড়ী
ও দক্ষিণখান এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, এসআই চন্দন দে-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন
একটি মোটরসাইকেল তল্লাশি করে ভুয়া র্যাব পরিচয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা
হয়।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে র্যাবের চারটি কালো কটি, দুটি ওয়াকিটকি,
একটি হ্যান্ডকাফ, একটি র্যাব পরিচয়পত্র, একটি পিস্তলের কভার, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল
ফোন, ৯০টি কালো প্লাস্টিক টাইস এবং ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫ নম্বরের একটি এফজেড-১ ভার্সনের
মোটরসাইকেল।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সোনারগাঁ থানায়
মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন