সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটিতে এক যুবকের
হাতে ছোট আকৃতির কালো রঙের পিস্তলসদৃশ একটি বস্তু দেখা যায়। তবে সেটি প্রকৃত
আগ্নেয়াস্ত্র নাকি অন্য কোনো বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভিডিওটি সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কালো টি-শার্ট পরা এক যুবককে মোবাইল ফোনে কথা বলার
পাশাপাশি অপর হাতে অস্ত্রসদৃশ বস্তুটি নাড়াতে দেখা যায়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওর
ওই যুবক শান্ত নামে পরিচিত। তিনি ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা ১ নম্বর রোড
এলাকার ভাঙারি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে। স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই
হিসেবেও তাকে চেনেন অনেকে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, শান্তর
বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক
কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একাধিক মামলা থাকার পরও তাকে প্রকাশ্যে
এলাকায় চলাফেরা করতে দেখা যায় বলেও দাবি তাদের। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা
যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)
মো. হাছিনুজ্জামান বলেন,
ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার নামে গ্রেপ্তারি
পরোয়ানাও আছে। তাকে বেশ কিছুদিন ধরে খোঁজা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়েও তারা অবগত হয়েছেন। ভিডিওতে দেখা বস্তুটি
আসল আগ্নেয়াস্ত্র কি না, তা যাচাইসহ সংশ্লিষ্ট যুবককে
আইনের আওতায় আনার বিষয়ে পুলিশ কাজ করছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন