ফ্যাসিবাদের বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানির দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। কর্মসূচির আগে বক্তব্যে জামায়াতে ইসলামীর সমালোচনা করে সংগঠনটির জেলা আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, হক্কানি আলেমদের বিরোধিতা করলে আলেম-ওলামারা মাঠে নামলে জামায়াতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলা ও মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বাদ আসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চাষাঢ়ার বাগে জান্নাত মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে দেওয়া বক্তব্যে ফেরদাউসুর রহমান বলেন, দেশের মানুষ শান্তি ও স্বস্তিতে থাকতে চায়। নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। যে দলেরই কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশের মানুষের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও তারা সোচ্চার থাকবেন বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে। তাঁর ভাষ্য, প্রবীণ এই আলেমকে দুর্বল মনে করার কোনো কারণ নেই; দেশের মানুষের হৃদয়ে তাঁর অবস্থান রয়েছে।
ফেরদাউসুর রহমান আরও বলেন, হক্কানি আলেমদের বিরোধিতা করা হলে আলেম-ওলামারা এর প্রতিবাদে মাঠে নামবেন। এ সময় তিনি সংশ্লিষ্ট গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনার প্রসঙ্গও তোলেন। এসব কর্মকাণ্ডকে ইসলামের নামে ভণ্ডামি বলে মন্তব্য করেন তিনি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা কামাল উদ্দিন দায়েমী। প্রধান অতিথি ছিলেন মুফতি মুনির হোসাইন কাসেমী। এ ছাড়া মাওলানা মাসরুল আহমাদ ভূঁইয়া, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা আবদুর রশিদ, মাওলানা তৈয়বুর হোসাইন ও মাওলানা সালাউদ্দিন আজাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন