নারায়ণগঞ্জের বন্দরে ঝুট সংরক্ষণের গুদামে আগুন লেগে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় এক কোটি টাকার মালামাল আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) ভোররাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ১৪টি টিনের ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় এক কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত গুদামগুলোর মালিকদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, রাজা মিয়া, সোহেল, জয়নাল, ইমাম হোসেন ও আবু বক্কর।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন