অসহায় মানুষের জীবনযাত্রা সহজ করা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে নারায়ণগঞ্জে তিনটি পৃথক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি। এর আওতায় একজনকে সেলাই মেশিন, চলাচলে অক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার এবং এক অসচ্ছল পরিবারকে মেয়ের বিয়ের খরচ মেটাতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে ক্লাবের সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে এসব সহায়তা হস্তান্তর করা হয়।
কর্মসূচির মাধ্যমে সেলাই মেশিন পাওয়া ব্যক্তি সেটি ব্যবহার করে আয় করার সুযোগ পাবেন। অন্যদিকে, হুইলচেয়ারটি চলাচলে অক্ষম ব্যক্তির দৈনন্দিন চলাফেরায় সহায়ক হবে। পাশাপাশি মেয়ের বিয়ের ব্যয় নির্বাহে আর্থিক সংকটে থাকা একটি পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ইব্রাহিম শেখ উপস্থিত ছিলেন। তিনটি প্রকল্পের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রোটারিয়ান ইব্রাহিম হোসেন, এ কে এম আবিদুজ্জামান এবং এমরান আলী সজীব।
এ সময় রোটারিয়ান আনন্দ ইউসুফ, কামাল হোসেন, ফয়সাল আহাদ রনিসহ ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন