বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে দেশে ফের এক-এগারোর মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা না করে রাষ্ট্র পুনর্গঠনে সরকারের পাশে দাঁড়াতে জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে আরেকটি এক-এগারো সৃষ্টি হবে। আরেকটি এক-এগারো সৃষ্টি হলে আপনারা ক্ষমতায় আসবেন, সেই স্বপ্ন দেইখেন না।’
বিএনপি সরকারের সাফল্যের বিষয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় সফল হবেন এবং জনগণ তাঁর সঙ্গে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। দেশের সামগ্রিক পুনর্গঠনের স্বার্থে বিরোধী দলকেও সরকারের সঙ্গে সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ও পরবর্তী অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খানের অভিযোগ, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড নিয়ে যারা কটাক্ষ করেছিলেন, এখন তাঁদের দলের নেতাকর্মীরাই এ কার্ডের জন্য বিভিন্ন এলাকায় ঘুরছেন। একইভাবে, সরকারে গেলে সুযোগ-সুবিধা নেবেন না বলে প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিরা এখন সংসদে গাড়ি, অফিস ও প্লটের মতো সুবিধা দাবি করছেন।
বিএনপির সাংগঠনিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দলটির নেতাকর্মীরা জনগণের কল্যাণে কাজ করছেন এবং মানুষের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে গেলে বাংলাদেশকে ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গে রাশেদ খান বলেন, বিএনপি এই লড়াই শুরু করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, এসব তৎপরতা সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। জেনে কিংবা না বুঝে কেউ ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে জনগণ তাদের ক্ষমা করবে না।
রাষ্ট্র পুনর্গঠনে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দেন রাশেদ খান। দেশের বৃহত্তর স্বার্থে সরকারের উদ্যোগে সহযোগিতা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশেদ খান।
সাক্ষাৎ ও পরবর্তী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন