দীর্ঘদিনের সহপাঠীদের সঙ্গে আবারও দেখা, পুরোনো দিনের স্মৃতিচারণ আর কলেজজীবনের বন্ধন নতুন করে উদ্যাপনের সুযোগ পাচ্ছেন সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে বসছে কলেজটির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী। অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করা যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নগরীর চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সম্মেলনকক্ষে পুনর্মিলনী আয়োজন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অনুষ্ঠানের প্রস্তুতি, প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আয়োজনকে প্রাণবন্ত করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
আলোচনায় বক্তারা বলেন, এ আয়োজন কেবল আনুষ্ঠানিক পুনর্মিলন নয়; বরং পুরোনো স্মৃতি, বন্ধুত্ব, আবেগ ও কলেজের ঐতিহ্যকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের একত্র হওয়ার উপলক্ষ। বিভিন্ন সময়ে কলেজে পড়াশোনা করা শিক্ষার্থীরা এক জায়গায় মিলিত হয়ে তাঁদের শিক্ষাজীবনের আনন্দময় মুহূর্তগুলো স্মরণ করার সুযোগ পাবেন।
তাঁরা আরও বলেন, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আয়োজনটি সুশৃঙ্খল ও আনন্দমুখর করতে হবে। এ লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, অধ্যাপক আতিকা খানম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শামসুন নুর বাঁধন, নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালক খান আব্দুল কাদির মাহবুব বাবু, স্কাউট কমিশনার আরিফ মিহিরসহ আয়োজন কমিটির অন্যান্য সদস্য।
আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ নভেম্বর ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে আগ্রহী সাবেক শিক্ষার্থীদের ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন