নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে আগুনে পুড়ে গেছে গার্মেন্টসের ঝুট কাপড় রাখা ৩০টি গোডাউনের মালামাল। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক ইমরান হোসেনের ভাষ্য, শ্রমিকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাতের কোনো এক সময় একটি গোডাউনে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে তা আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক গোডাউনে রাখা ঝুট কাপড় আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মালিকদের দাবি, প্রতিটি গোডাউনে আনুমানিক ৫ থেকে ১০ লাখ টাকার ঝুট কাপড় মজুত ছিল। সে হিসাবে ৩০টি গোডাউনের মালামাল পুড়ে যাওয়ায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে আগুনে মোট কত টাকার ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পাওয়ার পর মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন