নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি উপলক্ষে একটি পূজামণ্ডপ ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপে যান।
দুপুর ১২টার দিকে মণ্ডপে পৌঁছে বিভিন্ন অংশ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শিল্পপতি অমল পোদ্দার (সিআইপি), পূজা কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার এবং পানাম গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) আতিকুল ইসলাম। এ ছাড়া মণ্ডপে উপস্থিত ছিলেন ভক্ত ও দর্শনার্থীরা।
পূজা কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার জানান, উপ-হাইকমিশনার মণ্ডপ পরিদর্শনে এসে তখনও সেখানে অবস্থান করছিলেন। তবে তাঁর এ সফর ব্যক্তিগত, নাকি সরকারি কোনো কার্যক্রমের অংশ—সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, উপ-হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে আগে থেকেই পূজামণ্ডপের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাঁরা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, পরিবারের সদস্যদের নিয়ে উপ-হাইকমিশনার ব্যক্তিগতভাবে মণ্ডপটি দেখতে এসেছিলেন। তাঁর এ সফর কোনো সরকারি কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল না।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন