প্রি-পেইড মিটার বাতিল, সাম্প্রতিক
সময়ে অস্বাভাবিক হারে বাড়তি বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে
দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল করেছেন
বিদ্যুৎ গ্রাহক অধিকারকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর)
সন্ধ্যায় নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভ এলাকায় বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয়
কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রি-পেইড
মিটার ব্যবস্থার কারণে বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের অর্থ পরিশোধ করতে হচ্ছে।
পাশাপাশি গত কয়েক মাসে অনেক গ্রাহকের ওপর অস্বাভাবিক বাড়তি বিল চাপানো হয়েছে।
তাদের দাবি, প্রি-পেইড মিটার ব্যবস্থা বাতিলের পাশাপাশি
এসব অতিরিক্ত বিল পুনর্মূল্যায়ন করে বাতিল করতে হবে।
প্রি-পেইড মিটারবিরোধী
আন্দোলনে অংশ নেওয়ায় বিভিন্ন স্থানে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলেও
অভিযোগ করেন বক্তারা। পাবনার নেতা তৌহিদুর রহমানসহ আন্দোলনের সঙ্গে যুক্ত ১৮০ জনের
বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, গত তিন
মাসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
একই সঙ্গে বিদ্যুৎ খাতে সরকারের বরাদ্দ, গ্রাহকদের কাছ
থেকে আদায় করা অর্থ, উৎপাদন ও সরবরাহ ব্যয়সহ আয়-ব্যয়ের
পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানান তারা।
বিদ্যুৎ খাতের অর্থ কোথায়
এবং কীভাবে ব্যয় হচ্ছে,
সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে একটি শ্বেতপত্র প্রকাশেরও দাবি
করা হয় সমাবেশ থেকে।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ
নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম, সাধারণ
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রমজানুর রশিদসহ বিভিন্ন মহল্লার প্রতিনিধিরা। তাদের
মধ্যে এস এম স্বাধীন, হাজী রুহুল আমিন ও মাহমুদ হোসেন
উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট
মাহবুবুর রহমান ইসমাইল দাবি করেন, জাতীয় বাজেট, বিদ্যুৎ
মন্ত্রণালয়ের বরাদ্দ এবং প্রায় পাঁচ কোটি গ্রাহকের কাছ থেকে আদায় করা বিল মিলিয়ে
বিপুল পরিমাণ অর্থ বিদ্যুৎ খাতে যাচ্ছে। এসব অর্থের ব্যবহার ও ব্যয়ের পূর্ণাঙ্গ
হিসাব জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন।
পরে সমাবেশস্থল থেকে
প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে একটি মশাল
মিছিল বের করেন আন্দোলনকারীরা।
সংগঠনের নেতারা জানান, প্রি-পেইড মিটার বাতিল ও
বাড়তি বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে তাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন