আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার গ্রিন গার্ডেন পার্টি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় প্রদক্ষিণ করে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্ত, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মোস্তাফিজ শাহিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা বলেন, জনাব তারেক রহমান কী ধরনের রাজনীতি করতে চাচ্ছেন, আমাদের সেই ভাষা বুঝতে হবে। তিনি বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও একটি সুন্দর ভবিষ্যতের কথা বলছেন। তাঁর রাজনৈতিক চিন্তা ও কর্মসূচিকে আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, শুধু স্লোগান দিলেই হবে না, তারেক রহমান যে ধরনের রাজনীতির মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই রাজনীতির আদর্শ আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জুয়েল রানা আরও বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কোনো অপচেষ্টা যাতে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, আমরা চাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের রাজপথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দলের যেকোনো সাংগঠনিক ও গণতান্ত্রিক কর্মসূচিতে আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে থাকব। আমাদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে।
জুয়েল রানা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষের ভোটের অধিকার থাকবে, সাধারণ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং দেশের প্রতিটি মানুষ সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। সেই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সবসময় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দলের যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতে আমরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করব। জনগণের পাশে থেকে, জনগণের কথা বলে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় প্রদক্ষিণ করেন এবং কর্মসূচি শেষ করেন।