বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি
জানায় সংগঠনটির একটি প্রতিনিধি দল।
স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ
করে, গত ২৩ সেপ্টেম্বর বিআরটিএর প্রজ্ঞাপনে ঢাকা, নারায়ণগঞ্জসহ
ছয় জেলার অভ্যন্তরীণ রুটে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো
হয়েছে। এতে পূর্বের ২ টাকা ৪৩ পয়সা থেকে নতুন ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সা।
ফোরামের হিসাবে, ঢাকা-নারায়ণগঞ্জ
রুটের ১৯ কিলোমিটার দূরত্ব বিবেচনায় নতুন ভাড়ায় যাত্রীপ্রতি মূল ভাড়া হয় ৪৯ টাকা
৪০ পয়সা। এর সঙ্গে ৫ টাকা ফ্লাইওভার টোল যুক্ত করলে মোট ভাড়া দাঁড়ায় ৫৪ টাকা ৪০
পয়সা। সংগঠনটির দাবি, এই হিসাব অনুযায়ী ভাড়া ৫৫ টাকা
নির্ধারণ করা যেতে পারে।
তবে নতুন প্রজ্ঞাপন কার্যকর
হওয়ার আগেই উৎসব ও বন্ধন পরিবহন ৬০ টাকা করে ভাড়া নেওয়া শুরু করেছে বলে
স্মারকলিপিতে অভিযোগ করা হয়।
এ ছাড়া আগের ভাড়ার হার নিয়েও
প্রশ্ন তুলেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তাদের দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৩
এপ্রিলের নির্ধারিত কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা হারে ১৯ কিলোমিটারের ভাড়া হয় ৪৬
টাকা ১৭ পয়সা। ফ্লাইওভার টোলসহ তা দাঁড়ায় ৫১ টাকা ১৭ পয়সা। কিন্তু যাত্রীদের কাছ
থেকে ৫৫ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ সংগঠনটির। এতে যাত্রীপ্রতি ৩ টাকা ৮৩ পয়সা
বেশি নেওয়া হয়েছে বলে দাবি তাদের।
স্মারকলিপিতে দ্রুত ভাড়ার
বিষয়টি নির্ধারণ,
শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ টাকা ভাড়া চালু এবং সরকার
নির্ধারিত হারের অতিরিক্ত অর্থ আদায়কারী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের
আহ্বায়ক রফিউর রাব্বির সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী
শংকর রায়, সহসভাপতি ধীমান সাহা জুয়েল, বাসদের সদস্য সচিব
আবু নাইম খান বিপ্লব, সিপিবির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম,
সমমনার উপদেষ্টা দুলাল সাহা এবং বাসদের জেলা সদস্য মাহমুদ
হোসেনসহ অন্যরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন