নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ১৪ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে এক
নারী মারা গেছেন। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)
দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানার
কাছাকাছি মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রায়েশা বেগম (৫৫) নামে
এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত।
নিখোঁজরা হলেন—হেলাল উদ্দিন
(৫৫), তার ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)।
এদিকে একই পরিবারের শিরিন
বেগম (৪৫) ও তার মেয়ে লামিয়া আক্তারকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার
হওয়া কয়েকজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৈদ্যেরবাজার
ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে হোমনা থেকে
স্বজনেরা ট্রলারে করে হারিয়ার উদ্দেশে রওনা হন। মেঘনা নদী পার হওয়ার সময় হঠাৎ
ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা নদীতে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা অন্য
একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। পরে আহতদের স্বাস্থ্য
কমপ্লেক্সে পাঠানো হয়।
সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের
স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, দুপুর আনুমানিক দেড়টার দিকে
দুর্ঘটনাটি ঘটে। তবে ফায়ার সার্ভিস খবর পায় বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই
ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযান
অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন