ডেঙ্গুর বিস্তার ঠেকাতে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক
কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার
পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল
১১টায় মুছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লাঙ্গলবন্ধ বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে এ
কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ
হিসেবে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ
নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। এ সময় মুছাপুর ইউনিয়ন
পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনঞ্জুর আলম এবং মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি
তারা মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও শিবানী সরকার বলেন, ডেঙ্গু
নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির
আঙিনা, সড়ক, ড্রেন কিংবা আশপাশের
কোথাও পানি জমে আছে কি না, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে।
তিনি বলেন, ফুলের টব,
পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা
বংশবিস্তার করতে পারে। তাই এসব জায়গা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না
দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে
অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে
স্থানীয় জনপ্রতিনিধি,
বাজার কমিটি ও বাসিন্দাদের সমন্বয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম
চালিয়ে যাওয়ার তাগিদ দেন।
শিবানী সরকার বলেন, ব্যক্তি ও সামাজিক পর্যায়ে
সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে ডেঙ্গুর
বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন