নারায়ণগঞ্জের বন্দরের ঢাকেশ্বরী এলাকায় স্বর্ণের দোকানে প্রকাশ্যে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর থানা জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী
এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানটি পরিদর্শনের সময় দোকানের পরিস্থিতি
পর্যবেক্ষণ করেন জামায়াত নেতারা। এ সময় তারা ঘটনার বিষয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের
সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ নেন।
বন্দর থানা জামায়াতে ইসলামীর
আমীর মাওলানা মুফতি আতিকুর রহমান বলেন, জনসমাগমপূর্ণ এলাকায় দিনের বেলায়
এ ধরনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে। ঘটনাটির নিরপেক্ষ
তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করার পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারের
ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, ঘটনার
শিকার ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা
প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপও দাবি করেন তিনি।
পরিদর্শনকালে জামায়াত নেতারা
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং তার প্রতি সমবেদনা জানান। পাশাপাশি
ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তার পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর
থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহুরুল ইসলাম, নায়েবে আমীর মো. রফিকুল
ইসলামসহ ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জামায়াত নেতারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে
অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন