নারায়ণগঞ্জ সদর উপজেলা
ক্রীড়া সংস্থার সদ্য গঠিত এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সদস্য
ক্রীড়াবিদ মো. সোহেল রানা জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
করেছেন।
সাক্ষাৎকালে নতুন কমিটির
পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সদর উপজেলার
ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
জেলা প্রশাসক নবগঠিত কমিটির
দায়িত্বশীলদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে ক্রীড়া সংগঠনের
সঙ্গে যুক্ত করা গেলে খেলাধুলার কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি তৃণমূলের
খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
রায়হান কবির বলেন, স্থানীয়
পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা
দিতে হবে। যথাযথ পরিচর্যা পেলে এসব খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে
দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন।
তিনি আরও বলেন, বিভিন্ন
প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই ও প্রতিভা
বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে নিয়মিত
খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে
ক্রীড়া সংস্থার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, “আপনারা
বেশি বেশি খেলাধুলার আয়োজন করুন। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে কিশোর ও তরুণদের
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।”
সৌজন্য সাক্ষাতে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা,
স্থানীয় পর্যায়ে খেলাধুলার বিস্তার এবং তরুণদের ক্রীড়ামুখী করার
বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন