সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের চলমান পদক্ষেপ অব্যাহত থাকলে আগামী এক মাসের মধ্যে নারায়ণগঞ্জের পরিবেশ আরও শান্ত ও নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (২৭ সেপ্টেম্বর)
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির
বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার
ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সাখাওয়াত হোসেন খান বলেন, গত সাত
মাসে নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের ‘সন্ত্রাসের জনপদ’ থেকে একটি গণতান্ত্রিক ও
বসবাসযোগ্য নগরীতে রূপ দেওয়ার দাবি করেন তিনি। একই সঙ্গে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে বলেও
জানান।
তার বক্তব্য অনুযায়ী, নতুন
পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে।
প্রশাসনের এ তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে
না।
সমাবেশে আওয়ামী লীগের
শাসনামল ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন সাখাওয়াত। শেখ
হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে
তিনি বলেন, দেশের বিচার বিভাগ এখন স্বাধীন। বিদেশে অবস্থান করে কোনো ধরনের নাশকতার
পরিকল্পনা না করে তাদের আইনের মুখোমুখি হওয়া উচিত।
তিনি আরও বলেন, “দুই
হাজার ছাত্র-জনতার রক্তে শেখ হাসিনার হাত রঞ্জিত। হাজার হাজার মাইল দূরে পালিয়ে
থেকে নানা ডেডলাইন বা মিথ্যা মেসেজ দিয়ে নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় মানুষকে আর
উসকানি দেওয়া যাবে না।”
অতীতের আন্দোলনের প্রসঙ্গ
টেনে মহানগর বিএনপির এই নেতা বলেন, যারা রাজপথে দাঁড়িয়ে ‘খেলা হবে’
বলে হুঙ্কার দিয়েছিল, গণঅভ্যুত্থানের পর তাদের অনেকেই দেশ
ছেড়ে পালিয়েছে। অন্যদিকে গ্রেপ্তার ও কারাবরণের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা
নারায়ণগঞ্জে থেকে আন্দোলন চালিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।
সমাবেশে মহানগর বিএনপির
সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা
অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল
ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল
কালাম।
এ সময় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন