নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিনের (৫৫) মরদেহ চার দিন পর
উদ্ধার করা হয়েছে। তাঁর মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে দুর্ঘটনায় নিখোঁজ একই পরিবারের
চার সদস্যের সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মারিখালি নদীর
রতনপুর সেতুর নিচ থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে
স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল
আরেফিন বলেন, সোনারগাঁ পল্লীবিদ্যুৎ কার্যালয়ের কাছের মারিখালি নদী থেকে দুপুরে
হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মেঘনা নদীতে ট্রলারডুবির পর
হেলাল উদ্দিন, তাঁর ছেলে সজিব (২৪), মেয়ে সামিনা (১৭) ও
সামিন (৫) নিখোঁজ হন। ২৬ সেপ্টেম্বর ভোররাত থেকে সকাল পর্যন্ত নদী থেকে সজিব,
সামিনা ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর দুপুরে বৈদ্যেরবাজার
ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে
কুমিল্লার হোমনা থেকে স্বজনদের নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের উদ্দেশে রওনা হয়।
মেঘনা নদী পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা নদীতে পড়ে
যান।
ঘটনার পর থেকেই নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও
স্থানীয়দের তৎপরতা চলছিল। চার দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে
নিখোঁজ চারজনের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হলো।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন