নারায়ণগঞ্জের ফতুল্লায়
পুলিশের অভিযানে মো. ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বার (৬০) নামে এক ইউপি সদস্যকে
গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁকে
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, রোববার
(২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আলীগঞ্জ এলাকায় ফিরোজ মিয়ার নিজ বাড়িতে অভিযান
চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের পাশের ওই বাড়িতে
অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ফিরোজ মিয়া আলীগঞ্জ এলাকার
মৃত চাঁন মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কেন্দ্রীয় শ্রমিক লীগের
সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠজন। তাদের মধ্যে মামাতো-ফুফাতো
ভাইয়ের সম্পর্ক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা
একটি মামলায় ফিরোজ মিয়াকে গ্রেপ্তার দেখানোর পর সোমবার দুপুরে আদালতে পাঠানো
হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন