ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন পরিবহনের ভাড়া
নিয়ে প্রশাসন,
বাস মালিক এবং যাত্রী-শিক্ষার্থী প্রতিনিধিদের দীর্ঘ বৈঠকও কোনো
সমঝোতায় পৌঁছাতে পারেনি। সাধারণ যাত্রীর ভাড়া কত হবে এবং শিক্ষার্থীদের জন্য কত
টাকা নির্ধারণ করা হবে—দুই বিষয়েই পৃথক প্রস্তাব থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা
পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায়
চার ঘণ্টা ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত বাস মালিক ও যাত্রী প্রতিনিধিদের মধ্যে
ঐকমত্য তৈরি হয়নি।
বৈঠকে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর
রাব্বি বলেন, নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ তারা নষ্ট করতে চান না। বিষয়টির
সমাধান না হলে আন্দোলন, সংগ্রাম কিংবা বাস বন্ধের মতো
পরিস্থিতি তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি জানান, সাধারণ যাত্রীর ভাড়া নিয়ে যাত্রী
প্রতিনিধিদের পক্ষ থেকে ৫৫ টাকা এবং বাস মালিকদের পক্ষ থেকে ৬০ টাকার প্রস্তাব
রয়েছে। সমঝোতার জন্য ৫৭ টাকার একটি প্রস্তাব এসেছে। তিনি নিজেও ৫৮ টাকা নিয়ে
আলোচনার কথা বলেছেন। শিক্ষার্থীদের ভাড়া ৩৫ টাকা রাখার বিষয়েও তিনি সম্মতি জানান।
রফিউর রাব্বি বলেন, গত এপ্রিল থেকেই
শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীরা ৩০ টাকা ভাড়ার
দাবি জানিয়ে আসছেন। সাধারণ যাত্রীর ভাড়া কমিয়ে একটি গ্রহণযোগ্য অবস্থানে আনার
স্বার্থে ৩৫ টাকা নিয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছে।
এদিকে বাস মালিকপক্ষ সাধারণ যাত্রীর ভাড়া ৬০ টাকা এবং
শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা রাখার অবস্থান জানায়। আলোচনা চলাকালে একপর্যায়ে তারা
বৈঠকস্থল ত্যাগ করেন।
বৈঠক শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস
এম ফয়েজ উদ্দিন বলেন,
উভয় পক্ষের বক্তব্য ও দাবিগুলো দীর্ঘ সময় ধরে শোনা হয়েছে।
যাত্রীদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে এবং বাস মালিকরাও যেন ক্ষতির মুখে না পড়েন—এমন
একটি সমন্বিত সিদ্ধান্তে আসতে উভয় পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, চার ঘণ্টা আলোচনার পরও কোনো বিষয়ে
পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি। তবে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।
ইউএনও জানান, শিক্ষার্থীদের ভাড়া নিয়ে
শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩৪ টাকা এবং বাস মালিকদের পক্ষ থেকে ৩৫ টাকার প্রস্তাব
এসেছে। সাধারণ যাত্রীর ভাড়া নিয়েও একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আলোচনার শেষ
পর্যন্ত কোনো প্রস্তাবই চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন