শারদীয় দুর্গোৎসব ঘিরে
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব কিংবা অপপ্রচার ছড়ানোর
চেষ্টা হলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার
মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। এ ধরনের তৎপরতা ঠেকাতে
জেলা পুলিশের বিশেষ একটি টিম সার্বক্ষণিকভাবে অনলাইনে নজর রাখবে বলেও জানিয়েছেন
তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা
প্রশাসকের কার্যালয়ে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য
দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসপি হাবিবুর রহমান জানান, সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ফেক কনটেন্ট ও কৃত্রিম
বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর প্রচারণাও শনাক্তের চেষ্টা করবে
পুলিশের বিশেষ টিম। কোনো ঘটনা নজরে এলে পরিস্থিতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া
হবে।
পূজা উদযাপন কমিটি ও
সংশ্লিষ্টদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, কোথাও
কোনো সমস্যা বা সহযোগিতার প্রয়োজন হলে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট টিমকে দ্রুত জানানো
হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া সহজ হবে।
এসপি বলেন, দেশের
বাইরে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে। এ
কারণে পূজা সংশ্লিষ্টদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
কোনো মণ্ডপ বা এলাকায় সমস্যা দেখা দিলে সেখানে তথ্য জানানো হলে দ্রুত আইনশৃঙ্খলা
বাহিনীকে অবহিত করা সম্ভব হবে।
আগের বছরের দুর্গাপূজার সময়
অস্থিতিশীলতা তৈরির বিভিন্ন প্রচেষ্টার প্রসঙ্গও তুলে ধরেন পুলিশ সুপার। এবার
নির্বাচিত সরকার ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় উপস্থিতির মধ্যে দুর্গোৎসব আরও
শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, দুর্গাপূজার
পরিবেশ নষ্ট কিংবা অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে কেউ তৎপর হলে তাদের বিরুদ্ধে কঠোর
আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ষড়যন্ত্রের তথ্য আগেভাগে শনাক্ত করা সম্ভব হলে
সংশ্লিষ্টদের ছাড় দেওয়া হবে না।
দুর্গোৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সার্বিক
নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন বলেও জানান এসপি হাবিবুর রহমান। জেলা প্রশাসনের
প্রস্তুতিমূলক সভাতেও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার
বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন