নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় হাসিব নামে এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুম ওরফে মেন্ডা মাসুমের আশ্রয়-প্রশ্রয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন হাসিব।
এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব
ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মনির হোসেন কাশেমীর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে এলাকায়
প্রভাব বিস্তার করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসিব বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তোলা ছবি প্রকাশ করতেন। এসব ছবি
ব্যবহার করে তিনি এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলে অভিযোগ স্থানীয়দের।
সম্প্রতি মাদক বহনের অভিযোগে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন হাসিব।
গত ২৫ সেপ্টেম্বর রাতে ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা
গেছে। এ সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।
অভিযানে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পুলিশের করা মামলায় গ্রেপ্তারের পরদিন আদালতের মাধ্যমে হাসিবকে কারাগারে
পাঠানো হয়।
তবে হাসিবের পরিবারের দাবি, তাকে মাদক মামলায় নয়, রাজনৈতিক কারণে গ্রেপ্তার
করা হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হাসিবকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো
হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মুসলিমনগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা
ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের
সঙ্গে ওঠাবসার কারণে অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে থাকেন বলেও অভিযোগ রয়েছে।
মাদক ব্যবসায় যুবদল নেতা মাসুম ওরফে মেন্ডা মাসুমের সম্পৃক্ততা কিংবা
হাসিবকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা
হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন