নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ মাস বয়সী আতিয়া নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা
কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু
আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ছমিরুন নেছা ও শিশু
আতিয়া সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে দুজনই
গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন। গুরুতর
আহত শিশু আতিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই)
মো. হুমায়ুন কবির ঘটনাস্থলে যান। পরে নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি
করেন।
এসআই মো. হুমায়ুন কবির বলেন, সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায়
ওই নারী ও শিশুটি আহত হন। হাসপাতালে নেওয়ার পর নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটিকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করা হয়েছে। তিনি চৈতনকান্দা
গ্রামের মফিজ মোল্লার ছেলে। বর্তমানে তাকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা
হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন