নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় দুজন, মাদক সেবনের অভিযোগে চারজন, বৈষম্যবিরোধী মামলায় একজন এবং আদালতের পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের
নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক,
পিপিএমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন—সোনারগাঁয়ের লাদুরচর মধ্যপাড়া
এলাকার মৃত ওসমান গনির ছেলে মো. ফয়সাল (৩০), দড়িকান্দি এলাকার আব্দুল মালেকের ছেলে
মো. মিলন (২৫), নুনেরটেক এলাকার মো. ইসলাম আলীর ছেলে মো. হোসেন আলী (২৫) এবং লক্ষ্মীপুরের
রামগতি থানার চর আলেকব্যেন্দ্র গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. জাকির (৪৫)। জাকির
বর্তমানে কাঁচপুর এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন—চর কামালদি এলাকার মৃত আব্দুল মালেকের
ছেলে জাকির (৪৩) এবং লাদুরচর মধ্যপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন
(৪৮)।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় পঞ্চপ্রটি এলাকার সালাউদ্দিনের ছেলে মো.
রবিন সরকার (২৭) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মনারবাগ এলাকার এরশাদ আলীর
ছেলে মো. অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, মাদক মামলায় গ্রেপ্তার দুজনের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে
আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন