একবার ব্যবহারযোগ্য
প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের হাতে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল তুলে দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে
আলীরটেকে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় সদর উপজেলা
প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়ন করে।
কর্মসূচিতে প্রধান অতিথির
বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি
মোকাবিলায় শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না; শিশুদের
চিন্তা ও দৈনন্দিন অভ্যাসেও পরিবেশবান্ধব পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, তাপমাত্রা
বৃদ্ধি, তাপপ্রবাহ ও বন্যার মতো জলবায়ুজনিত ঝুঁকির প্রভাব
শিশুদের স্বাস্থ্য ও পড়াশোনাতেও পড়ছে। এ কারণে পর্যাপ্ত পানি পান এবং একবার
ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে বারবার ব্যবহার করা যায়—এমন বোতর ব্যবহারে
শিক্ষার্থীদের অভ্যস্ত করতে উদ্যোগটি নেওয়া হয়েছে।
রায়হান কবির বলেন, শিক্ষার্থীরা
নিয়মিত নিজেদের বোতর ব্যবহার করলে বিদ্যালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের
ব্যবহার কমানো সম্ভব হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বিষয়ে তাদের
সচেতনতা বাড়বে। শিশুদের শেখানো অভ্যাস পরিবার ও বৃহত্তর সমাজেও ছড়িয়ে পড়ার সুযোগ
রয়েছে।
সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিশুদের প্রতিদিনের ছোট ছোট
অভ্যাসই ভবিষ্যতে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। বিদ্যালয়কেন্দ্রিক এমন
উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল সমাজ
গঠনে ভূমিকা রাখবে।
সদর উপজেলা প্রশাসন জানায়, জলবায়ুর
ঝুঁকি মোকাবিলায় বিদ্যালয় পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশবান্ধব
কার্যক্রম ও জলবায়ু-সহনশীল শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর
ধারাবাহিকতায় আলীরটেক ইউনিয়নের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের
মধ্যে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বিতরণ করা হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন