অপরাধ দমনের পাশাপাশি এলাকার
নিরাপত্তা বাড়াতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের রামনগরে
গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করেছেন স্থানীয় যুবকেরা।
রোববার (৪ অক্টোবর) পরিবর্তন
কালচার ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সড়কের
বিভিন্ন পয়েন্টে এসব ক্যামেরা বসানো হয়। পরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে
কার্যক্রমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা
করেন অ্যাডভোকেট মো. রাসেল।
ওসি জামাল উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ
সড়কগুলো ক্যামেরার আওতায় এলে অপরাধ সংঘটনের পর ঘটনাস্থলের ভিডিও বিশ্লেষণ করে
জড়িতদের শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
পুলিশের কাজেও সহায়তা করবে এই উদ্যোগ।
তিনি বলেন, শুধু
পুলিশের তৎপরতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা সম্ভব নয়। এ জন্য স্থানীয়
বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। মানুষ সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে চুরি,
ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া যাবে।
আয়োজকেরা জানান, ইস্পাহানি
থেকে তালতলা পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে নজরদারির আওতায় আনতেই
ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগে নেওয়া এ ব্যবস্থার মাধ্যমে
সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি কোনো ঘটনা ঘটলে তার তথ্য সংরক্ষণ করা
সম্ভব হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য
ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব সমাজের
সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের
গুরুত্বপূর্ণ অংশে নজরদারি বাড়ায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় শক্তিশালী
হবে। বিশেষ করে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে ক্যামেরার ফুটেজ
কার্যকর প্রমাণ হিসেবে কাজে আসবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন