ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের জন্য সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার (৬ অক্টোবর) অর্ধদিবস সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে সাত ছাত্র সংগঠনের জোট ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’।
রোববার (৪ অক্টোবর) বিকেলে
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা
করা হয়। সংগঠনটির দাবি,
আগে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও প্রশাসন ও বাস মালিকদের
পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার
সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সড়ক অবরোধ পালন করবেন তারা। এর
আগে সোমবার (৫ অক্টোবর) গণস্বাক্ষর সংগ্রহ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে ছাত্র
ঐক্য।
ছাত্র নেতাদের অভিযোগ, জ্বালানি
তেলের দাম বাড়ার পর ১৯ কিলোমিটার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিএ টোলসহ সর্বোচ্চ ৫৪
টাকা ৪০ পয়সা ভাড়া নির্ধারণ করেছে। সে হিসাবে যাত্রীদের কাছ থেকে সর্বোচ্চ ৫৫ টাকা
নেওয়ার কথা থাকলেও উৎসব ও বন্ধন পরিবহনে ৫৯ টাকা করে আদায় করা হচ্ছে।
শিক্ষার্থীদের ক্ষেত্রেও
নির্ধারিত হাফ পাস কার্যকর না করার অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি, সর্বোচ্চ
৩০ টাকা নেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত ভাড়া
আদায় করা হচ্ছে। এ অবস্থায় ভাড়া পুনর্নির্ধারণ ও শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত হাফ
পাস চালুর দাবি জানিয়েছেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, সাধারণ
যাত্রী ও শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত ভাড়া চাপিয়ে পরিবহন ব্যবসা পরিচালনা করা মেনে
নেওয়া হবে না। প্রশাসন ও মালিকপক্ষ দাবি বাস্তবায়নে উদ্যোগ না নিলে আন্দোলন আরও
জোরালো করার কথাও জানান তারা।
এর আগে ১ অক্টোবর নারায়ণগঞ্জ
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল ‘পরিবহন সিন্ডিকেট
বিরোধী ছাত্র ঐক্য’। সেই ঘোষণার ধারাবাহিকতায় ৪ অক্টোবর বিক্ষোভ, ৫
অক্টোবর গণস্বাক্ষর এবং ৬ অক্টোবর অবরোধের কর্মসূচি দেওয়া হয়।
রোববারের কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয়
ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র
মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ইসলামী ছাত্র সেনার
নেতাকর্মীরা অংশ নেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন