‘নির্বাকতাই হোক প্রতিবাদের
ভাষা, কোনো কথা না বলে অনেক কথা বলা’—এই ভাবনাকে ধারণ করে
নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করেছে মাইম ফেইস। সংগঠনটির
অর্ধযুগ পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
আগামী ৮ ও ৯ অক্টোবর নগরীর
শায়েস্তা খাঁ সড়কের জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ কার্যক্রম।
আয়োজকেরা জানান, কর্মশালায়
মূকাভিনয়ের মৌলিক কৌশল, শরীরী অভিব্যক্তি ও অভিনয়শৈলীর
বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই দিনের আয়োজন শেষে
অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণে অংশ নেওয়া আগ্রহীরা পরবর্তী
সময়ে মাইম ফেইসের সঙ্গে নিয়মিত মূকাভিনয় চর্চা ও অভিনয়ের সুযোগ পাবেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে
থাকবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের অর্থ সম্পাদক ও ভারতের মাইম ইনস্টিটিউটের
প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল জাভেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের
সাবেক সভাপতি এবং নাট্য ও আবৃত্তিশিল্পী ভবানী শংকর রায় এবং মাইম ফেইসের
প্রতিষ্ঠাতা সভাপতি, নাট্যকার, নির্দেশক
ও মূকাভিনেতা উজ্জ্বল উচ্ছ্বাস।
আয়োজকদের পক্ষ থেকে জানানো
হয়েছে, মাত্র ১০০ টাকা নিবন্ধন ফি দিয়ে কর্মশালায় অংশ নেওয়া যাবে। আগ্রহীদের
নিবন্ধনের জন্য ০১৯১৬-৩৮৭৮৮২ নম্বরে যোগাযোগ করতে হবে। কর্মশালার সমন্বয়কের
দায়িত্ব পালন করছেন মাইম ফেইসের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সোহান।
মাইম ফেইস নারায়ণগঞ্জের আয়োজনে কর্মশালাটিতে সহযোগিতা
করছে জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন ও
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন