পরিকল্পিত নগরায়নে জলাধার ও
উন্মুক্ত স্থান রক্ষার তাগিদ নারায়ণগঞ্জে
‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস-২০২৬
পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ আবাসন নিশ্চিত করে পরিকল্পিত নগর গড়ার ওপর
গুরুত্ব দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) জেলা
প্রশাসন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে জেলা
প্রশাসকের কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের
কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। কার্যালয় প্রাঙ্গণ ঘুরে র্যালিটি শেষ
হয়। জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান
মাশুকুল ইসলাম রাজিব এর উদ্বোধন করেন।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা বসে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.
রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল
ইসলাম রাজিব।
সভায় আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা,
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদসহ জেলা প্রশাসন
ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিবসটির আলোচনায়
‘জলাবদ্ধতামুক্ত নগর,
স্বস্তির জীবন’, ‘প্রকৃতি বাঁচিয়ে নগর
গড়ি’, ‘নিরাপদ আবাসন সবার প্রয়োজন’ এবং ‘সর্বজনীন
বাসস্থান, টেকসই নগরায়ন’—এ বিষয়গুলো গুরুত্ব পায়।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জকে
বসবাসের উপযোগী রাখতে শুধু নতুন স্থাপনা নির্মাণ করলেই হবে না; জলাধার ও পরিবেশ রক্ষার পাশাপাশি পরিকল্পিতভাবে নগর সম্প্রসারণ করতে
হবে। জলাবদ্ধতা ও যানজট কমানো, নিরাপদ আবাসন নিশ্চিত করা
এবং নগর ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও জোর দেন তারা।
সভাপতির বক্তব্যে জেলা
প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিশ্ব বসতি দিবস ভবিষ্যৎ প্রজন্মের জন্য
নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করার অঙ্গীকারের কথা মনে করিয়ে দেয়। আজকের
পরিকল্পনার ওপরই আগামী দিনের শহরের বাসযোগ্যতা নির্ভর করবে।
তিনি বলেন, জলাবদ্ধতামুক্ত,
পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ
করছে। এ উদ্যোগ সফল করতে নিজ নিজ জায়গা থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের
আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ উন্নয়ন
কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে
জলাবদ্ধতা ও যানজট নারায়ণগঞ্জের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতি ও নগর
উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে শহর গড়ে তোলার লক্ষ্যেই কাজ চলছে।
তিনি জানান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ একটি
মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে। এতে জলাধার সংরক্ষণ, উন্মুক্ত
স্থান রক্ষা এবং নিরাপদ আবাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন