দীর্ঘ বিরতির পর আবারও কাব
ক্যাম্পুরীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ
সদর উপজেলা শাখা। আগামী ৫ নভেম্বর থেকে শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু
হবে পাঁচ দিনব্যাপী ষষ্ঠ কাব ক্যাম্পুরী। এতে উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রায় ৫৫০ জন কাব শিশু অংশ নেবে।
সোমবার (৫ অক্টোবর) সদর
উপজেলা পরিষদ হলরুমে স্কাউটসের উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভায়
ক্যাম্পুরীর আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা
স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
সভায় ক্যাম্পুরীর সার্বিক
প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিশুদের নিরাপত্তা, থাকা-খাওয়া,
মাঠ ব্যবস্থাপনা এবং আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয়
বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা করা হয়।
আয়োজকরা জানান, ক্যাম্পুরীর
বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব,
দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরির পাশাপাশি
দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্কাউটিংয়ের আদর্শ
ও চেতনা শিশুদের মধ্যে আরও বিস্তৃত হবে।
সভায় ইউএনও এস এম ফয়েজ
উদ্দিন বলেন, আট বছর পর ষষ্ঠ কাব ক্যাম্পুরীর আয়োজন নারায়ণগঞ্জ সদরের জন্য আনন্দের
বিষয়। স্কাউটিং শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের নানা বিষয়ে
শেখার সুযোগ করে দেয়।
তিনি বলেন, এই
আয়োজনের মাধ্যমে শিশুদের নেতৃত্বের গুণাবলি, আত্মনির্ভরশীলতা
ও দেশপ্রেম বিকশিত হবে। ৫৫০ জন কাব শিশুর জন্য নিরাপদ, আনন্দময়
ও শিক্ষণীয় পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ক্যাম্পুরী সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে
কাজ করার আহ্বান জানান ইউএনও।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন