আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। কোনো ধরনের ভয়ভীতি বা আতঙ্ক ছাড়াই পূজা উদযাপনে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুন মাহমুদ।
তিনি বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের অনেকের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছিল। তবে ওই সময়ও নারায়ণগঞ্জে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি। অসাম্প্রদায়িক সম্প্রীতির এই জেলার ঐতিহ্য ধরে রেখেই এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মামুন মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। নিরাপত্তাহীনতা কিংবা আতঙ্ক থাকলে মানুষ স্বাভাবিকভাবে পূজা-অর্চনায় অংশ নিতে পারবেন না।
তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বী ভাইদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান যেন তারা নির্ভয়ে, নিরাপদে পালন করতে পারেন, আমরা তাদের পাশে থাকব। ভয়ভীতি থাকলে তারা পূজা-অর্চনায় মনোনিবেশ করতে পারবেন না, আতঙ্কে থাকবেন। সুতরাং আমরা তাদের পাশে ঢাল হয়ে থাকব।”
সভায় জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তারসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন