নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়াবদারপুল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে তল্লাশি করে তার কাছ থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ফয়সাল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশের দাবি, মিজানুর রহমানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন