নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিলি আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার বসতঘর থেকে ৪৬ কেজি গাঁজা জব্দের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী কলাবাগান পাঠাগার গলিতে পলাশের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, অভিযানের সময় বাড়িটির একটি কক্ষে তল্লাশি চালিয়ে ৪৬ কেজি গাঁজা পাওয়া যায়। পরে মাদকগুলো জব্দ করে মিলি আক্তারকে আটক করা হয়।
গ্রেপ্তার মিলি ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেনের মেয়ে। তিনি পিলকুনী কলাবাগান পাঠাগার গলির ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি তার থাকার কক্ষে গাঁজা সংরক্ষণের বিষয়টি স্বীকার করেছেন। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে এবং ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরসহ পুলিশের একটি দল অংশ নেয়।
এ ঘটনায় মিলি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন