নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে মো. মাছুম মিঞা নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিকের বাম চোখের ওপরের অংশে গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে এসে তার বড় ভাই মাসুদ মিঞাও হামলার শিকার হয়েছেন। এ সময় তার পকেট থেকে ২৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার মঠের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাছুম মিঞা দৈনিক যুগযুগান্তর ও অনলাইন সংবাদমাধ্যম ‘এমএইচ নিউজ-২৪’-এর
রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার পর মাছুম মিঞা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে জাঙ্গীর
এলাকার শাহিদুল ইসলাম সাহেদ (৩০), মো. জাহিদুল (৪০), মো. আবু সাঈদ (৩৫) এবং অজ্ঞাতনামা
আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে মাছুম মিঞা দাবি করেন, গত ১৩ আগস্ট অভিযুক্তদের বিষয়ে
একটি অনলাইন সংবাদ প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায়
বৃহস্পতিবার বিকেলে মঠের ঘাট এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের কাছে ধারালো ছেনদা, চাপাতি ও লোহার রড
ছিল। একপর্যায়ে অভিযুক্তদের একজন চাপাতি দিয়ে তার বাম চোখের ওপরের অংশে আঘাত করেন।
এতে তিনি রক্তাক্ত জখম হন।
এ সময় মাছুম মিঞাকে রক্ষা করতে তার বড় ভাই মাসুদ মিঞা এগিয়ে এলে তাকেও
মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে হামলাকারীরা তার পকেট থেকে নগদ ২৫
হাজার টাকা নিয়ে যায় বলেও দাবি করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিক ও তার ভাই চিকিৎসা নেন।
ভুক্তভোগীদের দাবি, সংবাদ প্রকাশের কারণে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা
নেওয়ার দাবি জানিয়েছেন।
রূপগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, সাংবাদিকের লিখিত অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে
আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত
করতে অভিযোগে উল্লেখ করা তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করা হচ্ছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন