খাদ্যপণ্যের বাজারে সিন্ডিকেটের কোনো সুযোগ না রাখার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তার ভাষ্য, এ ধরনের কারসাজির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ ভোক্তারা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, কোনো সরকারই সিন্ডিকেটকে সমর্থন করে না। বর্তমান সরকারও চায় খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ শব্দটিরই যেন প্রয়োজন না হয়। বাজারে এ ধরনের গোষ্ঠীর অস্তিত্ব থাকলে তার নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে।
দেশের খাদ্য মজুত এবং সামগ্রিক বাজার পরিস্থিতি সন্তোষজনক রয়েছে উল্লেখ করে আফরোজা খানম বলেন, খাদ্য সরবরাহের বিষয়টি নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে। কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াকে মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, খাদ্যগুদামসহ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এসব স্থাপনার বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।
এ সময় পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্প নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রকল্পটি কবে আনুষ্ঠানিকভাবে চালু হবে, সেই সময় এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবার প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত এটি চালুর উদ্যোগ নেওয়া হবে।
এর আগে সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মধ্য দিয়ে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি নারায়ণগঞ্জ সাইলো এবং সেখানকার নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় খাদ্যশস্যের মজুত, সংরক্ষণ সক্ষমতা, মিলের কার্যক্রম এবং সার্বিক খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আফরোজা খানম। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। এতে স্থাপনাগুলোর অবস্থা, খাদ্যশস্য সংরক্ষণের ব্যবস্থা এবং কর্মীদের কর্মপরিবেশ সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যাচ্ছে। এসব পর্যবেক্ষণের ভিত্তিতে সমস্যা সমাধান ও প্রয়োজনীয় উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন