বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। ২০২৪ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২১ শিক্ষার্থীকে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের
সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে
আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার পক্ষে অতিরিক্ত পুলিশ
সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট,
নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে
বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, এর পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক
মূল্যবোধ গড়ে তুলতে হবে। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি শিক্ষার্থীদের খারাপ সঙ্গ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, দুষ্ট
প্রকৃতির বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে হবে। মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে মূল্যবান সময়
নষ্ট করা যাবে না।
মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের
সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী
প্রস্তুতি নিতে হবে। জীবনের ‘Aim in Life’ ঠিক করে নিজেকে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে
গড়ে তুলতে হবে।
কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো
ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন