শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ফতুল্লার রেললাইন বটতলায় জোটের নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এতে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ।
সমাবেশে আরও বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলায়মান দেওয়ান এবং বাসদ ফতুল্লা থানার আহ্বায়ক এম এ মিল্টন।
বজলুর রশিদ ফিরোজ বলেন, দেশের গুরুত্বপূর্ণ ও লাভজনক বন্দর অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সিদ্ধান্ত জনগণের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। তাঁর অভিযোগ, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেওয়া হলেও নিউমুরিং টার্মিনাল ইজারার উদ্যোগে দেশের স্বার্থ যথাযথভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে না।
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রস্তাবিত ইজারা চুক্তি দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। তাঁর ভাষ্য, টার্মিনাল পরিচালনার নামে বিদেশি প্রতিষ্ঠানের হাতে কর্তৃত্ব তুলে দেওয়ার চেষ্টা চলছে।
চুক্তির দিনকে ‘কালো দিন’ হিসেবে অভিহিত করে তিনি ইনভেস্ট বাংলাদেশ ভবনকে ‘কাশিমবাজার কুঠি’ বলে উল্লেখ করেন। এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সমালোচনা করেন তিনি।
এদিকে ঢাকায় জোটের সমাবেশে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে বক্তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, এ ঘটনায় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ ও সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে হামলার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলেন।
নেতারা বলেন, নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবি উপেক্ষা করা হলে বন্দর শ্রমিক, বন্দর ব্যবহারকারী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।
সমাবেশ থেকে একই দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে অংশ নেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন