নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক, সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতি ও চুরির মামলার আসামি রয়েছেন। অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত দুজন হলেন শিমরাইল চিটাগাং রোড এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (২৬) এবং রূপগঞ্জের তারাবো এলাকার ইয়ার হোসেন প্রধানের ছেলে সিয়াম প্রধান (২৬)।
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন পাইনাদী নতুন মহল্লার মৃত সিরাজ মিয়ার ছেলে বাবুল হোসেন (৩২)। তাঁর কাছ থেকেই ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ছাড়া সিআর ও জিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তাঁরা হলেন পাইনাদী সুলতানের মোড় এলাকার সোহেব আলীর ছেলে লিটন মিয়া, সিদ্ধিরগঞ্জের সরকার ভবন এলাকার শাহেব আলীর ছেলে লিটন মিয়া এবং সুমিলপাড়া বিহারি কলোনির মৃত সাব্বির হোসেনের ছেলে সাহাবুদ্দিন (৩০)।
অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শান্তিনগর এলাকার হুমায়ুন কবিরের ছেলে দেলোয়ার হোসেন শিশির (২০), আগের ডাকাতি মামলায় কিল্লারপুল এলাকার মৃত মাওলা বক্সের ছেলে সেন্টু (৪০) এবং পুরোনো চুরি মামলায় ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার হাদিসের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন