ছোট পর্দার পরিচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে শুটিং থেকে দূরে রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকের পরামর্শে অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি। পরে জানা যায়, মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।
ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে তার টিউমার অপসারণ করা হয়। পরবর্তী
চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা
হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি। এরপর থেকে চিকিৎসা ও বিশ্রামের
মধ্যেই সময় কাটছে তার।
তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার ছবি ও বিভিন্ন
পোস্ট দেখে ভক্তদের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। শনিবার
(৩ অক্টোবর) বিকেলে দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা
জানান অভিনেত্রী।
লাইভে তানিয়া বৃষ্টি বলেন, তিনি এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন।
তবে চিকিৎসার অংশ হিসেবে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে
তিন মাস শেষ হয়েছে এবং বর্তমানে চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে। আরও দুই মাস কেমো চলার
পর কয়েকটি পরীক্ষা করা হবে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ
করা হবে বলে জানান তিনি।
বর্তমানে ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন
তানিয়া। দীর্ঘ চিকিৎসার ধকলের মধ্যে কিছুটা মানসিক প্রশান্তি পেতে গ্রামীণ পরিবেশে
পরিবারের সঙ্গে সময় কাটাতেই সেখানে গেছেন বলে জানান তিনি।
এদিকে কবে অভিনয়ে ফিরবেন—ভক্তদের এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন তানিয়া।
তিনি জানান, আবার নাটকে কাজ করার ইচ্ছা রয়েছে তার। এ মাস থেকেই কাজে ফেরার বিষয়ে আলোচনা
চলছে।
অভিনেত্রী বলেন, প্রায় নয় মাস ধরে তিনি শুটিং করেননি। বর্তমানে শারীরিক
অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আবারও অভিনয়ে ফেরার কথা ভাবছেন। এ বিষয়ে নির্মাতা ও সংশ্লিষ্টদের
সঙ্গে তার কথাবার্তাও চলছে।
শুটিংয়ে ফেরার বিষয়ে ভক্তদের মতামতও জানতে চেয়েছেন তানিয়া। ভক্তদের
আগ্রহ ও ভালোবাসা পেলে দ্রুতই কাজে ফেরার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন
তার ভক্তরা।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন